জুলাইকে মাইনাস করে ভবিষ্যৎ বাংলাদেশ সম্ভব নয়: এমপি হানজালা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোট এবং ‘জুলাই’-এর পক্ষে মত দিয়েছে। ফলে জনগণের এই ম্যান্ডেট উপেক্ষা করে ভিন্ন পথে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ‘গণভোটের রায় ও জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে’ আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষ ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই আমাদের ভোট দিয়ে প্রতিনিধি করে জাতীয় সংসদে পাঠিয়েছে। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা শিবচরের জনগণ এই প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই আমাকে নির্বাচিত করেছেন। তাই জনগণের সেই আস্থার প্রতিদান দিতেই সংসদে সত্য কথা বলার চেষ্টা করছি।
আবু সায়েদ মোহাম্মদ হানজালা আরও বলেন, আমরা ক্ষমতার লোভে রাজনীতিতে আসিনি। আমাদের পূর্বপুরুষদেরও ক্ষমতার অভিজ্ঞতা ছিল, কিন্তু বর্তমান রাজনীতিতে আমাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করা। তিনি বলেন, আমরা ক্ষমতার মসনদে বসার জন্য নয়, এ দেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি।
সমাবেশে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো সরকার পতনের আন্দোলন নয়। বরং সংসদের ভেতরে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা হলেও কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় এখন জনগণ মাঠে নেমেছে নিজেদের অবস্থান স্পষ্ট করতে। তিনি বলেন, যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার যেন গণভোটের রায়কে সম্মান করে এবং ‘জুলাই’কে ধারণ করে। তার মতে, আগামীর বাংলাদেশ গঠনে ‘জুলাই’ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়। তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।
সমাবেশের শেষাংশে তিনি জানান, জাতীয় সংসদে জনগণের পক্ষে কথা বলার পাশাপাশি প্রয়োজনে রাজপথেও আন্দোলন জোরদার করা হবে। একই সঙ্গে তিনি উপস্থিত জনতাকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান, যাতে জনগণের দাবি বাস্তবায়নে চাপ অব্যাহত থাকে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: banglamagazinenews.com

