Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বাংলাদেশে শাখা খুলতে চায় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ইউনিভার্সিটি অব ক্যানবেরা, অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়টির একটি শাখা ক্যাম্পাস সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশে স্থাপন করতে চায়। আট সদস্যের এক প্রতিনিধি দল ৪ মে ২০২৬ তারিখ ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ-এর সাথে এক সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের বিষয়টি তুলে ধরে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাছান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, প্রফেসর দি অনারেবল বিল শর্টেন, ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট, প্রফেসর মাইকেল লিংকন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর ও ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক), ড. ফিওনা রিচার্ডস, চিফ গ্লোবাল এনগেজমেন্ট অফিসার, ইউনিভার্সিটি অব ক্যানবেরাসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন।

ইউজিসি’র পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। এছাড়া, অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন।

সভায় প্রতিনিধি দলটি বাংলাদেশে উচ্চশিক্ষার উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারকরণের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্যানবেরার একটি শাখা ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করে। তারা বলেন যে প্রস্তাবিত এ উদ্যোগ সফল হলে দেশের শিক্ষার্থীরা নিজ দেশেই বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে।

ইউজিসি চেয়ারম্যান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ উচ্চশিক্ষা ও গবেষণার গুণগতমান বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও জোরদার করবে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পথ সুগম হবে। ইউজিসি চেয়ারম্যান বিদ্যমান বিধি-বিধানের আলোকে প্রতিনিধি দলকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, ইউনিভার্সিটি অব ক্যানবেরা-এর শাখা ক্যাম্পাস স্থাপনের বিষয়টি আমাদের দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা, শিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বর্তমানে কাজ করছে।

মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান তাঁর বক্তব্যে বলেন, ইউনিভার্সিটি অব ক্যানবেরা-এর শাখা ক্যাম্পাস বাংলাদেশে স্থাপিত হলে বাংলাদেশের শিক্ষার্থীরা মানসম্পন্ন উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।

প্রফেসর বিল শর্টেন বলেন, ইউনিভার্সিটি অব ক্যানবেরা, অস্ট্রেলিয়া বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টির শখা ক্যাম্পাস স্থাপিত হলে এদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষায় প্রবেশিধিকার পাবে এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিকিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ইউনিভার্সিটি অব ক্যানবেরা একাডেমিক ও প্রশাসনিক মানদণ্ড বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

সভায় উভয় পক্ষই সময়োপযোগী ও ভবিষ্যতমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন, বিশেষ করে বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা, মেশিন লার্নিং ইত্যাদি বিষয়সমূহ শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জনে সক্ষম হবে এবং বৈশ্বিক কর্মবাজারে প্রবেশের সুযোগ পাবে। এছাড়া সভায় একাডেমিক বিনিময়, গবেষণা সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button