Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

আলিয়া মাদরাসায় চাকরির সুযোগ পাচ্ছেন কওমী সনদধারীরা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদ দিয়ে সরকারি আলিয়া মাদরাসায় চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে। আলিয়া মাদরাসার ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগ। একই সঙ্গে শিগগিরই সারাদেশে ১৩ হাজারের বেশি সহকারী মৌলভী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

বুধবার (৬ মে) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান শায়খ সাজিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সভায় সিদ্ধান্ত হয়, ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে আবেদন করতে হলে আল-হাইআতুল উলয়ার দাওরায়ে হাদিস সনদের পাশাপাশি অধীনস্থ ছয় বোর্ডের ‘ইলমে কেরাত’ অথবা ‘তাহফীজুল কুরআন’-এর সনদ জমা দিতে হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এ পদের বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছে ১০।

এছাড়া সভায় জানানো হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উদ্যোগে শিগগিরই ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করা হবে। ‘কুরআন পড়, জীবন গড়’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অভিজ্ঞ হাফেজ ও ক্বারীদের বিচারক হিসেবে রাখা হবে।

সভায় কওমি মাদরাসার শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন বোর্ডের অধীনে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে এবং সেটিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ চলছে।

এ সময় মাদরাসাবিরোধী ‘মিডিয়া ট্রায়াল’ ও অপপ্রচারের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কওমি আলেম ও বোর্ডসমূহের সক্রিয় উপস্থিতি বাড়ানোর আহ্বান জানানো হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, MyGov প্ল্যাটফর্মে Apostille পদ্ধতিতে দাওরায়ে হাদিস সনদ সত্যায়নের বিষয়ে সরকারের আইসিটি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। সচিব এ বিষয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

এমপি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Leave a Reply

Back to top button