Bd বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সমর্থন কমার প্রসঙ্গে নেতানিয়াহু বললেন – প্রপাগান্ডা যুদ্ধে আমরা ভালো করতে পারিনি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো প্রপাগান্ডা এবং বিভিন্ন দেশের সুপরিকল্পিত মিথ্যা তথ্য ছড়ানোর (ডিসইনফরমেশন) কারণে আমেরিকায় ইসরায়েলের সমর্থন কমেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকানদের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ইসরায়েলের প্রতি সমর্থন দ্রুত কমে যাচ্ছে—এমন জনমত জরিপের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই দাবি করেন।

সিবিএস নিউজের 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, যুদ্ধ চলাকালে গাজা ও লেবাননের বেসামরিক নাগরিকদের বিপদমুক্ত রাখতে ইসরায়েল অনেক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাষ্ট্রের বিরুদ্ধে চালানো প্রচারণা অত্যন্ত সফল হয়েছে।

গত মার্চ মাসে পিউ রিসার্চের করা এক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। এ ছাড়া বৈশ্বিক পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে নেতানিয়াহুর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর সামান্য আস্থা আছে বা কোনো আস্থাই নেই ৫৯ শতাংশ মানুষের। গত বছরের তুলনায় এই দুটি হারই ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে।

নেতানিয়াহু দাবি করেন, বেশ কয়েকটি দেশ (যাদের নাম তিনি প্রকাশ করেননি) সামাজিক যোগাযোগমাধ্যম 'ব্যবহার করে কারসাজি' করেছে, যা 'ইসরায়েলের মারাত্মক ক্ষতি করেছে'। তবে ব্যক্তিগতভাবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্সরশিপ বা নজরদারিতে বিশ্বাস করেন না বলেও জানান।

নেতানিয়াহু বলেন, 'মিডিয়া ও প্রপাগান্ডার যুদ্ধে ইসয়ায়েল খুব একটা সুবিধা করতে পারেনি। এই মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে আমাদের একমাত্র হাতিয়ার—সত্য দিয়েই লড়াই করতে হবে। আমি এখন সেটাই করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এটি আরও ব্যাপকভাবে করার চেষ্টা করব। কারণ, আমরা এই লড়াইয়ের ময়দান আমাদের শত্রুদের হাতে ছেড়ে দিয়েছি।'

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Back to top button