জাতীয়

সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

ঢাকায় কর্মরত সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই। বুধবার দুপুর ১টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।

আবু হেনা রাসেল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহী সদরে। তিনি তিন যুগেরও বেশি সময় ধরে ঢাকায় সাংবাদিকতায় কর্মরত ছিলেন। রাজধানীর আরশিনগরে বসবাস করতেন।

জানা গেছে, বুধবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি সর্বশেষ ‘খবর সংযোগ’ পত্রিকায় কর্মরত ছিলেন। এর আগে সমকালসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

সংগঠনের এক শোক বার্তায় বলা হয়, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আল্লাহ মরহুমকে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন।

source: Daily Amar Desh

Back to top button