লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’

কুষ্টিয়ায় লালন শাহের মাজার এলাকা হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি এই হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গত সাড়ে চার মাসে তিনবার হামলার শিকার হলেন এনসিপির এই নেতা।
পাটওয়ারীর ওপর হামলার দাবি করে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তিনি পোস্টে লেখেন, ‘ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা।’
এদিকে একটি ভিডিওতে দেখা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করছেন কিছু লোক। যদিও প্রতিবেদনটি লেখার সময় ভিডিও ও ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ (পুরাতন ডিসি কোর্ট এলাকা) প্রাঙ্গণে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীরা। এছাড়া ২৮ জুলাই সন্ধ্যায় দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও হামলার শিকার হন তিনি।
source: The Daily Campus