Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

জাল সনদে অভিযুক্ত ৬৩ কলেজ শিক্ষককে শুনানিতে ডাকল মাউশি

জাল সনদে অভিযুক্ত কলেজ পর্যায়ের ৬৩ জন শিক্ষককে ব্যক্তিগত শুনানির জন্য তলব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মাউশির কলেজ শাখা-৩ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়।

বুধবার মাউশির উপপরিচালক শফি মাহমুদ স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, আগামী ২৬, ২৭, ২৮, ৩০ জুলাই এবং ২ আগস্ট পর্যায়ক্রমে শিক্ষা ভবনের ৩১৭ নম্বর কক্ষে সকাল ১০টায় এই শুনানি অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট শিক্ষক ও তাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষকে শিক্ষা ভবনের মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) কার্যালয়ে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

শুনানির সময় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদন, মূল সনদপত্র এবং নিয়োগসংক্রান্ত সব কাগজপত্রের মূল কপির পাশাপাশি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত দুই সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।

এছাড়া কোনো শিক্ষক ইতিমধ্যে পদত্যাগ, বরখাস্ত বা মৃত্যুবরণ করে থাকলে অধ্যক্ষকে তার প্রমাণপত্রসহ উপস্থিত থাকতে হবে। অভিযুক্ত শিক্ষকদের এমপিও বাতিল বা স্থগিত কেন করা হবে না—তা চূড়ান্ত করতেই এই শুনানির আয়োজন করা হয়েছে।

এর আগে অভিযুক্ত শিক্ষকদের কেন এমপিও বাতিল বা স্থগিত করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে শিক্ষকদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য ব্যক্তিগত শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button