সর্বশেষ

জামায়াত নেতার সিএনজি থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

ঢাকা-কুমিল্লা মহাসড়কে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে দুইটি পিস্তলসহ জামায়াতের এক নেতাকে গ্রেপ্তারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্স (সাবেক টুইটার)-এর পাশাপাশি ভারতীয় একাধিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এমনকি ভারতীয় সংবাদমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’ এবং ‘এই দিন’ এই একই ভিডিও ব্যবহার করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অস্ত্র পাচার করছে মর্মে সংবাদ প্রকাশ করেছে।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’-এর অনুসন্ধানে দেখা গেছে, জামায়াত নেতা গ্রেপ্তার বা অস্ত্র উদ্ধারের এই ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এই ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, ভিডিওটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি একটি ভুয়া ও প্রস্টেড কনটেন্ট।

ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণে দেখা যায়, এতে থাকা ব্যক্তিদের নড়াচড়া ও আশেপাশের পরিবেশের মধ্যে এআই প্রযুক্তিতে তৈরি কনটেন্টের মতো অসামঞ্জস্যতা ও অস্বাভাবিকতা রয়েছে। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হতে এআই শনাক্তকারী টুল ‘হাইভ ডিটেক্ট’ (Hive Moderation) এবং ‘ডিপফেক-ও-মিটার’ দিয়ে ভিডিওটি বিশ্লেষণ করা হলে দেখা যায়, এর এআই নির্মিত হওয়ার সম্ভাবনা শতভাগ।

সুতরাং, আন্তর্জাতিক ও দেশীয় প্ল্যাটফর্মে অস্ত্রসহ জামায়াত নেতা গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনা নয়, বরং এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ভুয়া কনটেন্ট।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button