গভীর হচ্ছে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা

ইরানের ধারাবাহিক সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সংঘাতের পরিধি শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না; এতে জড়িয়ে পড়ছে আঞ্চলিক মিত্ররা এবং ঝুঁকির মুখে পড়ছে বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথগুলো।
জর্ডান ও ইরাক থেকে শুরু করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এবং বাব আল-মানদেব প্রণালি পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য কি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে—এমন প্রশ্ন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা, মার্কিন রাজনীতি এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষকদের মতে, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা, ইরাক ও ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি এবং হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে এ সংকটের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সেখানে তেহরানের পরিবর্তিত সামরিক কৌশল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর প্রতিক্রিয়া ও সতর্কবার্তা এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে। বিশ্লেষণে সতর্ক করা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নাও থাকতে পারে; বরং এর প্রভাব বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার ওপরও সুদূরপ্রসারী হতে পারে।
source: Azadir Dak