সর্বশেষ

‘লন্ডন আর শিলংয়ে তো ছিলাম না, গুপ্ত বলেন কেন’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তিনি কখনো দেশ ছেড়ে যাননি এবং সবসময় দেশের মাটিতেই ছিলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের মতো লন্ডন বা শিলংয়ে যাইনি, এই দেশেই ছিলাম। তাহলে আমাকে ‘গুপ্ত’ বলা হয় কেন? আপনার চারপাশের মন্ত্রী-এমপিদের ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হবেন না।”

শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং গণভোটের মাধ্যমে পাওয়া জনমতের বাস্তবায়নের দাবি জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম সুবিধাভোগী হলেও বিএনপি এখন সেই আন্দোলনের মূল চেতনা থেকে সরে এসেছে। তাঁর দাবি, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে তা উপেক্ষা করা হচ্ছে। তিনি বলেন, জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল, কিন্তু এখন সেই অঙ্গীকার থেকে সরে আসা হয়েছে।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, আইন সংশোধনের মাধ্যমে ‘রিফর্ম আওয়ামী লীগ’ নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার জুলাই আন্দোলনের চেতনাকে উপেক্ষা করে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে।

জামায়াতকে নিয়ে বিভিন্ন সময়ে করা মন্তব্যের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত কখনোই ‘গুপ্ত’ সংগঠন ছিল না। বিভিন্ন আন্দোলনে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা নিয়ে যারা মন্তব্য করেন, তাদের বক্তব্যের মূল্যায়ন জনগণই করবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button