News

সাত ঘণ্টা পর উড়োজাহাজ থেকে নামল ২৫৬ যাত্রী

উড়োজাহাজের প্রেসারাইজেশন সিস্টেমে ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরেন্টো-রোম-ঢাকাগামী BG306 ফ্লাইট। সাত ঘণ্টা পর ২৫৬ যাত্রীকে উড়োজাহাজ থেকে নামানো হয়েছে।

বিমান সূত্র জানায়, স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামানো হলেও ভিসা জটিলতার কারণে তাদের তাৎক্ষণিকভাবে হোটেলে নেওয়া সম্ভব হয়নি। উড়োজাহাজে যাত্রীদের জন্য বরাদ্দ খাবার-দাবার গ্রাউন্ডে সরবরাহ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি সূত্র জানায়, রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি পরীক্ষা চালানো হয়। এ সময় প্রেসারাইজেশন সিস্টেমে ত্রুটি ধরা পড়ে। ত্রুটির কারণে উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়। ত্রুটি পুরোপুরি মেরামত ও প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উড়োজাহাজটির উড্ডয়ন সম্ভব নয়।

আটকে থাকা এক যাত্রী জানান, দীর্ঘ সময় তারা উড়োজাহাজের ভেতরেই ছিলেন। পরে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে তাদের বিমান থেকে নামানো হয় এবং হোটেলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তার অভিযোগ, বিদেশের একটি বিমানবন্দরে বাংলাদেশ সরকারের একটি বিমান সমস্যায় পড়ার পরও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি।

বিমান সূত্র জানায়, ত্রুটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৌশলীরা সেখানে গিয়ে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ করবেন।

এদিকে শুক্রবার দিবাগত রাতে ( ৮ আগস্ট) দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণভাবে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে BG306 রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে BG305 (ঢাকা-রোম-টরন্টো) ফ্লাইটটিও বিলম্বিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোমে অবস্থানরত BG306-এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তবে উড়োজাহাজটি ঠিক কখন মেরামত হয়ে ঢাকার উদ্দেশে রওনা হতে পারবে, তা এখনো নিশ্চিত নয়। হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানানো হবে।

BG305 ফ্লাইটের নতুন প্রস্থানের সময় ৮ আগস্ট দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে। যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে ঢাকা থেকে টরেন্টোর উদ্দেশে বিমানের আরেকটি ফ্লাইট রাত ১টায় ছাড়ার কথা রয়েছে। এর পূর্বনির্ধারিত প্রস্থানের সময় ছিল রাত ২টা ২০ মিনিট। ওই ফ্লাইটের যাত্রীদের রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত এই বিলম্বে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমই

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button