News

আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণের দাবি ঢাকা কলেজ শিক্ষার্থীদের

ঢাকা কলেজে আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, নতুন হলের বরাদ্দ চাই’, ‘প্রশাসন জবাব দাও, নতুন হলের বরাদ্দ দাও’, ‘হল আমার অধিকার, দিতে হবে, দিয়ে দাও’ এবং ‘আবাসন সংকট দূর করো, নতুন হল স্থাপন কর’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সম্রাট জাহাঙ্গীর বলেন, ঢাকা কলেজের ২০ হাজার শিক্ষার্থীর জন্য কলেজ প্রশাসন ১০ শতাংশ শিক্ষার্থীরও আবাসন সংকট দূর করতে পারেনি। ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, কিন্তু এই কলেজে শিক্ষার্থীদের ন্যূনতম মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না। নতুন হল স্থাপন করা না হলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ঢাকা কলেজের ইলিয়াস হলের পরিবর্তে দুই বছর আগে ১০ তলা ভবন বরাদ্দ হয়েছিল। কিন্তু সেটার কাজ এখনো শুরু হয়নি। আমরা চাই, দ্রুত ১০ তলা ভবনের কাজ শুরু হোক।

ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শিমুল মিয়া বলেন, ঢাকা কলেজে অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের। তারা গ্রাম থেকে ঢাকা শহরে পড়াশোনা করতে আসে। কলেজ প্রশাসন নানা অজুহাত দেখায় আবাসন সমস্যার সমাধানের ক্ষেত্রে। একজন শিক্ষার্থীর সর্বপ্রথম তার আবাসন সংকটের সমাধান হওয়া প্রয়োজন। তাই আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করবেন।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য হাসান আল মামুন বলেন, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে দ্রুত হল নির্মাণের ব্যবস্থা করতে হবে। অন্যথায় সামনের দিনে কঠোর কর্মসূচি ও আন্দোলন গড়ে তোলা হবে।

বার্তা বাজার/ আইকে

source: Barta Bazar

Back to top button