News

নেপালে রানওয়েতে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১২৭ যাত্রী প্রায় সাত ঘণ্টা পর বিকল্প উড়োজাহাজে দেশে ফিরেছেন। সোমবার রাত ১২টা ১০ মিনিটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, ফ্লাইটটির নম্বর ছিল বিজি-৩৭২। গত রোববার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল উড়োজাহাজটির। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে টার্মিনাল এলাকা ছাড়ার পর রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ আগে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে সেটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

বিমানের কাঠমান্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, ত্রুটির কারণে যাত্রীদের নামিয়ে দেওয়া হলেও মেরামতে কত সময় লাগবে, তা তখন নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি। বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয় এবং অন্য যাত্রীদেরও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়।

আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নেয়। বিমানের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ১২৭ যাত্রীকে ফিরিয়ে আনতে সোমবার রাত ১০টায় ঢাকা থেকে একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়। পরে সেটিতেই যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button