News

দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ল ৬ তেলের গোডাউন, আহত ৩

ভোলার দৌলতখানে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাশাপাশি থাকা ছয়টি তেলের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গিয়ে পাশের আরও পাঁচটি তেলের গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে ছয়টি গোডাউনের তেল ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তারা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোখলেছুর রহমান বলেন, “তেলের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।”

স্থানীয়দের অভিযোগ, ক্ষতিগ্রস্ত গোডাউনগুলোর মধ্যে একটি গোডাউনের লাইসেন্স নেই।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর পেছনে কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button