মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাজধানীর মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ব্যবস্থাপনায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরাম (ডুরসেফ) এর অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, শিক্ষা উপকরণের সংকট কিছুটা দূর করা এবং সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির সার্বিক মাঠপর্যায়ের আয়োজন, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০ জনেরও বেশি রোভার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শিক্ষা উপকরণ প্রস্তুত ও বিতরণ, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ এবং পুরো কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিচালনায় রোভাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাগর রায় ও মোছা. আরফিনা আক্তার, রোভার মেট আল মামুন ও ইফতি-এর নেতৃত্বে ২০ জনেরও বেশি রোভার অংশগ্রহণ করেন। তারা দলগতভাবে কর্মসূচির মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করেন।
ডুরসেফ সভাপতি এম এম ফজলুল হক আরিফ বলেন, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ডুরসেফ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে পাশে থাকতে চায়।
ডুরসেফ সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাফউদ্দৌলা বলেন, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আমরা আশা করি। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।
ডুরসেফ সমাজকল্যাণ সম্পাদক রোমানা আক্তার শিরিন বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের শিক্ষাজীবনকে সহজ করতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা প্রয়োজন।
ডুরসেফ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণ কিংকর বণিক কিশোর বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশও গুরুত্বপূর্ণ। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকা প্রয়োজন।
এছাড়াও জি এস রওশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মারজুক সাকিব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও তাদের জন্য বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচিতে দরিদ্র শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া রোভাররা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি তাদের নিয়মিত পড়াশোনা করা, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা এবং ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, শিক্ষা ও মানবিক সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
source: The Daily Campus