News

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বড় মন্ত্রিসভা পুনর্বিন্যাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্ব বণ্টনের পরও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বহাল রয়েছেন শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

শপথের পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শুক্রবার রাতেই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। এর মধ্য দিয়ে হুমায়ুন কবিরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেন।

আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হুমায়ুন কবিরের। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি।

তার এই অভিজ্ঞতার কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শামা ওবায়েদ ইসলাম। নতুন দপ্তর বণ্টনের পরও একই পদে বহাল রয়েছেন তিনি।

ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির—দুজন প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকায় কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে বলেন, এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে অসুবিধা নেই।

শুক্রবার মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের রদবদলে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন চার মন্ত্রী হলেন আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী।

আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তাদের দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় নতুন এই পুনর্বিন্যাস কার্যকর হলো।

source: Asia Post

Leave a Reply

Back to top button