News

পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ করল পাউবো

পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে সংবাদ প্রকাশের একদিন পরই প্রকল্প পরিচালক (পিডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পদ্মা ব্যারাজ (১ম পর্যায়) প্রকল্পের জন্য হাসান মাহমুদকে পিডি পদে নিয়োগ দেয়।

এর আগে গত ২৬ আগস্ট আমার দেশ-এ ‘পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে ধীরগতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সে সংবাদে বলা হয়, একনেকে অনুমোদনের তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। প্রকল্প পরিচালক (পিডি), উপপরিচালক (ডিপিডি) ও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় প্রকল্পের কার্যক্রম কার্যত স্থবির হয়ে আছে।

পানিসম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জনবল নিয়োগের অর্গানোগ্রাম অনুমোদিত হলেও জনপ্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মধ্যে পিডি নিয়োগ নিয়ে মতবিরোধের কারণে জটিলতা সৃষ্টি হয়। এ কারণে পরামর্শক নিয়োগও ঝুলে আছে।

সাড়ে ৩৪ হাজার কোটি টাকার এ প্রকল্প গত ১৩ মে একনেকে অনুমোদন পায়। সাত বছরমেয়াদি এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৬ জেলার ১৬৩ উপজেলার পানি সংকট, মৃতপ্রায় নদী পুনরুজ্জীবিত, সেচব্যবস্থার উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকারের দাবি। একই সঙ্গে প্রায় ৯ লাখ ২৭ হাজার স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ রয়েছে।

পানি বিশেষজ্ঞরা বলছেন, ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রেক্ষাপটে পদ্মা ব্যারাজ এখন জাতীয় প্রয়োজন। তবে প্রকল্প বাস্তবায়নের আগে আন্তর্জাতিক মানের কারিগরি ও পরিবেশগত সমীক্ষা নিশ্চিত করারও পরামর্শ দিয়েছেন তারা।

সরকারের আশা, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করবেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button