ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি

দেশে তীব্র জ্বালানি সংকটের মধ্যে সুখবর নিয়ে আসছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আইডিবি।
আগামী ২ সেপ্টেম্বর আইডিবি চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসের তিন দিনের ঢাকা সফরে আসছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক করবেন।
আইডিবি ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইডিবি চেয়ারম্যানের এই সফরে জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগ চুক্তি হতে যাচ্ছে। তার এ সফরের সময় ১৪৩ মিলিয়ন মার্কিন ডলারে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্প চুক্তি সই হতে পারে। এর আগে গত ৬ জুলাই পেট্রোলিয়াম, এলএনজি ও সার আমদানিতে সহায়তার জন্য ইসলামিক
ট্রেড ফাইন্যান্স করপোরেশন থেকে ৩.৩ বিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ।
আইডিবি বাংলাদেশে জ্বালানি খাতে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। ব্যাংকটি ভোলা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে ১৮০ মিলিয়ন ডলার, আশুগঞ্জ পাওয়ার স্টেশন প্রকল্পে ২০০ মিলিয়ন ডলার, পাওয়ার গ্রিড সম্প্রসারণ প্রকল্পে ১৩০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। ইস্টার্ন রিফাইনারিতে আইডিবির নতুন বিনিয়োগের মাধ্যমে জ্বালানি শোধনে বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রেলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যানুযায়ী, দেশে বছরে প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার ৯৫ শতাংশই আমদানিনির্ভর। এর মধ্যে মাত্র ১৫ লাখ টন ক্রুড অয়েল হিসেবে ইস্টার্ন রিফাইনারিতে শোধনের জন্য আনা হয়। আর বাকি ৫০-৫২ লাখ টন ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন হিসেবে সরাসরি পরিশোধিত অবস্থায় আমদানি করা হয়।
দেশের একমাত্র তেল শোধনাগারে সাধারণত দিনে সাড়ে চার হাজার টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়। সংকটের কারণে বর্তমানে তা কমিয়ে আনা হয়েছে।
source: Daily Amar Desh