নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছায়েদুর রহমানের সহকর্মীরা জানায়, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন। তখন তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।
সহকর্মীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় ছায়েদুর রহমান স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে তার স্ত্রী বাসায় ফিরে ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকে সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন ছায়েদুর রহমান। তখন তাকে স্বাভাবিকই দেখা গেছে। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি অনেকটাই চুপচাপ থাকতেন। মিটিং শেষে বাসায় ফেরার পর তিনি দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় দরজা না খোলায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।
ছায়েদুর রহমানের তিন মেয়ে। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন। তারা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, ৫৫ বছর বয়সি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুরের মরদেহ উদ্ধারের সময় ওই বাসায় কেউ ছিলেন না। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে আমরা বাসায় গিয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।
তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা ব্যাংক কর্মকর্তা ছায়েদুর আত্মহত্যা করে থাকতে পারেন। তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছি না। উনার পরিবারের সদস্যরা আছেন, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব।
source: The Daily Campus