বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসায় মাল্টিপল এন্ট্রি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন এই নীতির ফলে বাংলাদেশি সাধারণ পর্যটকদের এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা গ্রহণ করতে হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের মতো ঢালাওভাবে আর মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না।এখন থেকে নির্দিষ্ট চারটি ক্যাটাগরি—ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা সেবা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজমের আওতায় আবেদন করলেই কেবল এই সুবিধা পাওয়া যাবে।
সাধারণ সামাজিক বা পারিবারিক ভ্রমণের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি সুবিধা প্রত্যাহার করায় এসব ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্যই আবেদন করতে হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ সংক্রান্ত ৩০টি অন্যান্য দেশের তালিকাসহ সার্বিক পরিবর্তন পর্যবেক্ষণ করছে।
তবে নতুন সিদ্ধান্তটি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশী কর্মীদের ওপর কোনো প্রভাব ফেলবে না।কর্তৃপক্ষের স্পষ্টীকরণ অনুযায়ী, নীতিটি কেবল ভিজিট বা পর্যটন ভিসার জন্য প্রযোজ্য;কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থান ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে।
source: Azadir Dak