News

শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

রাজধানীর শাহজাহানপুরে শান্তিবাগ এলাকার একটি বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত হলেন মো. সাইফুল ইসলাম সাইফ (২৩)। পারিবারিক সমস্যা নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফকে হাসপাতালে নিয়ে আসা বাবা মো. সিরাজুল ইসলাম জানান, তাদের বাসায় ছোট ছেলের ছুরিকাঘাতে বড় ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক সমস্যা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছোট ছেলে বড় ছেলেকে ছুরিকাঘাত করেন।

তিনি আরও জানান, তার বাসা শাজাহানপুরের শান্তিবাগের ১৮৭ নম্বর বাড়ি। সেখানে পরিবার নিয়ে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবগত করা হয়েছে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button