রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, সংসদে রুমিন ফারহানা যে ভাষায় বক্তব্য দিয়েছেন, তা কার্যত আওয়ামী লীগেরই ভাষা। তার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়। তিনি সংসদে পরোক্ষভাবে আওয়ামী লীগেরই প্রতিনিধিত্ব করছেন।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জামায়াতে ইসলামী যেকোনো শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের বিভিন্ন ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্থানীয় রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
source: The Daily Campus