News

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

দেশে সাংবাদিকদের, বিশেষ করে ক্রাইম রিপোর্ট পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার মতো কার্যকর ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে সাংবাদিকতাকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ক্রাইম রিপোর্টারদের কাজের ঝুঁকির কথা তুলে ধরে পার্থ বলেন, ‘ক্রাইম রিপোর্টিং করা সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করেন। সেজন্য অনেক সময় তাদের অনেক চড়া মূল্যও দিতে হয়।’

সাংবাদিকদের পেশাগত সুরক্ষার ঘাটতির কথাও স্বীকার করেন তিনি। বলেন, দেশে সাংবাদিকতা পেশায় নিয়োজিতদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার মতো সঠিক ব্যবস্থা এখনো গড়ে তোলা সম্ভব হয়নি।

গণতন্ত্রে সাংবাদিকতার ভূমিকা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে।’ তার ভাষায়, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ সাংবাদিকতা।

দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের পাশে থাকার আশ্বাসও দেন পার্থ। তিনি জানান, দায়িত্ব নেওয়ার মাত্র ২০ দিন হয়েছে এবং বিদ্যমান ব্যবস্থার মধ্য থেকেই বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রয়োজনে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। ‘আপনারা আমাকে সবসময়ই পাবেন এবং আমার কাছে আসতে পারবেন, বলতে পারবেন।’

দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে পার্থ বলেন, নতুন করে কোনো কাঠামো তৈরি করার চেয়ে পুরোনো ও দুর্বল হয়ে পড়া ব্যবস্থাকে ঠিক করা কঠিন। তবে সাংবাদিকদের সমস্যা সমাধানে মন্ত্রণালয় পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

source: Asia Post

Leave a Reply

Back to top button