টানা দ্বিতীয় বছর জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসের ভিসা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টানা দ্বিতীয় বছরের মতো প্রবেশ ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপের ফলে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে শুরু হতে যাওয়া সাধারণ অধিবেশনে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না তিনি।
মার্কিন পররাষ্ট্র দফতর কংগ্রেসকে জানিয়েছে, ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) আন্তর্জাতিক আদালতে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণসহ মার্কিন আইনের নানা শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। এ ছাড়াও সরাসরি আলোচনা এড়িয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রকে ‘একতরফা স্বীকৃতি’ আদায়ের প্রচেষ্টাকে ভিসা প্রত্যাখ্যানের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, পিএলও ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার প্রস্তাবে ব্যর্থ হয়েছে এবং সহিংসতায় জড়িতদের ভাতা প্রদানসহ পাঠ্যপুস্তকে তা উসকে দেওয়ার কাজ অব্যাহত রেখেছে। এর পরিণতি হিসেবে পিএলও সদস্য ও পিএ কর্মকর্তাদের ভিসা বাতিলের নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পূর্বেও মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান করেছিল মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও সিদ্ধান্ত থেকে সরে না আসায় গত বছরও আব্বাস সশরীরে উপস্থিত না হয়ে ভিডিও বার্তার মাধ্যমে অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।
source: Azadir Dak