সর্বশেষ

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় শাখা রিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান সাগর মণ্ডলকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত সাগরের স্ত্রী মারজিয়া খাতুন জানান, বুধবার রাতে সাগরের চাচাতো ভাই জুলহাসের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল তাঁদের বাড়ির টিনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা সাগরের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে তিনি জীবন বাঁচাতে দৌড়ে রাস্তায় গিয়ে পড়েন, সেখানেই তাকে কুপিয়ে ফেলে রেখে আততায়ীরা পালিয়ে যায়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী আরও অভিযোগ করেন যে, গুরুতর আহত অবস্থায় সাগরকে হাসপাতালে নেওয়ার পথে মানিকচক এলাকায় দুর্বৃত্তরা আবার পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন করে।এই বাঁধার কারণে হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁর স্বামীর মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, প্রাথমিকভাবে দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত সাগরের বিরুদ্ধে আগে থেকেই মারামারি, মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে ছয়টি মামলা ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

source: Azadir Dak

Back to top button