প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় করবে: রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বললেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে।
আজ সোমবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কষ্টার্জিত গণতন্ত্রের বিজয় গাঁথায় বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সস্ত্রীক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তার এই ঐতিহাসিক সফরের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্যে উপস্থিত রাষ্ট্র ও সরকারপ্রধানেরা আলোড়িত হবেন। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তার বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে।’
মুশফিকুল ফজল আনসারী আরও লেখেন, ‘বিগত দেড় দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা যেভাবে জেএফকে বিমানবন্দর থেকে ফার্স্ট অ্যাভিনিউয়ের ৪৬ স্ট্রিট পর্যন্ত গগনবিদারী স্লোগানে মুখরিত করে রেখেছিলেন, এবার তারা তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে বিন্দুমাত্র কার্পণ্য করবেন না।’
এ সময় ব্যক্তিগত আশা-প্রত্যাশার ঊর্ধ্বে সবার আগে বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি।
এআর
source: Barta Bazar