গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা চাঞ্চল্যকর জুবায়ের হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি সোহেল মোল্লাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি মডেল থানার ঘোপ নোয়াপাড়া রোডের দরাটানা এলাকায় অভিযান চালায় এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও সিপিসি-৩ যশোরের যৌথ দল। এ সময় জুবায়ের হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি সোহেল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ জানায়, গত ২৪ সেপ্টেম্বর টিউশনি শেষে বাড়ি ফেরার পথে বাবা রমজান ভূঁইয়ার সঙ্গে ভ্যানে করে যাচ্ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়ের। পথে কয়েকজন তাদের গতিরোধ করেন। একপর্যায়ে সোহেল মোল্লার নেতৃত্বে জুবায়েরকে রামদা দিয়ে মাথায় কোপ দেওয়া হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
গুরুতর আহত জুবায়েরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জুবায়েরের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তার সোহেল মোল্লাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জুবায়ের হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
source: The Daily Campus