News

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন অ্যান্ড চিফ অব আর্মি সিম্পোজিয়াম ২০২৬’-এ অংশগ্রহণকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল সোমবার অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলের সঙ্গে বৈঠকে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এ সময় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারে ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ (ডিআরইই) আয়োজন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি)-এ গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভের (জিপিওআই) অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button