News
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, ৩৩৮ এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশটিতে কর্মী পাঠানোর জন্য ৩৩৮টি রিক্রুটিং ও প্রসেসিং এজেন্সিকে তালিকাভুক্ত করার বিষয়ে সম্মত হয়েছে মালয়েশিয়া। পাশাপাশি ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে দেশটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাভুক্ত ৩৩৮টি এজেন্সির মধ্যে রয়েছে বাংলাদেশের সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং ও সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।
আরও পড়ুন
তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে নিজেদের উদ্যোগে চাকরির চাহিদাপত্র (জব অর্ডার) সংগ্রহ করতে পারবে। পাশাপাশি বাংলাদেশের প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে কর্মী নির্বাচন এবং নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে। সংশ্লিষ্ট এজেন্সিগুলো নিজস্ব লাইসেন্সের মাধ্যমেই কর্মীদের বিএমইটি ছাড়পত্রের কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার প্রশাসনিক প্রক্রিয়া, যেমন কলিং ভিসা, ই-ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমে বোয়েসেলসহ ২৫টি প্রসেসিং ও সার্ভিস এজেন্সি সহায়তা দেবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির নিজস্ব দায়িত্ব ও জবাবদিহি বজায় থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মীদের অভিবাসন ব্যয় কমানো, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বৈধ ও যোগ্য এজেন্সিগুলোর অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। এজেন্সিগুলোকে দেশের আইন মেনে কর্মীদের স্বার্থ সুরক্ষিত রেখে নিয়োগ কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। আপাতত মালয়েশিয়ার সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকাভুক্ত বিদ্যমান মেডিকেল সেন্টারগুলোর মধ্য থেকে বিতর্কিত ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো বাদ দিয়ে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল বাংলাদেশে এসে মেডিকেল সেন্টারগুলো পরিদর্শন করবে। যাচাই-বাছাই শেষে নতুন নীতিমালা অনুযায়ী পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে। অনুমোদিত তালিকায় নতুন কোনো মেডিকেল সেন্টার যুক্ত হলে তা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বাংলাদেশের মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। কোনো একটি নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী নিয়োগের সুযোগ সম্প্রসারণ, নিয়োগ প্রক্রিয়ায় প্রতিযোগিতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষার মাধ্যমে দুই দেশের শ্রম সহযোগিতাকে আরও কার্যকর ও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে।
source: The Dhaka Diary