হরমুজে জাহাজডুবি: সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউমের বোতল

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে আইফোনের বাক্স ও দামি সুগন্ধির প্যাকেট ভাসার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ছোট নৌকায় থাকা কয়েকজনকে ভাসমান পণ্য সংগ্রহ করতে দেখা যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী জিএফএস প্রাইড জাহাজটি দুবাই থেকে পণ্য নিয়ে যাচ্ছিল। বুধবার একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আগুন ধরে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন সামুদ্রিক কর্তৃপক্ষের কর্মকর্তারা। সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের ২১ জন নাবিককেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কেউ আহত হননি।
তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, অনুমোদনহীন পথে হরমুজ অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজটি ডুবেছে। ফলে ডুবে যাওয়ার সুনির্দিষ্ট কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, জাহাজটিতে প্রায় আড়াই হাজার কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন ও বিলাসবহুল সুগন্ধিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছিল।
এদিকে হরমুজের আশপাশে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা ৪৮ ঘণ্টায় ড্রোন হামলাসহ অন্তত পাঁচটি ঘটনার কথা জানিয়েছে।
পৃথক ঘটনায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার কেপ দাও ডুবে গেছে। গত ২৩ সেপ্টেম্বর প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত ওই জাহাজের একজন নাবিক নিহত হন। অন্যদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে রয়টার্স।
ইরান বলছে, দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধ ও নতুন নিষেধাজ্ঞার জবাবে হামলা বাড়ানো হচ্ছে। যুদ্ধের আগে এই নৌপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হতো।
সূত্র: ইন্ডিয়া টুডে ও দ্য সান
এআর
source: Barta Bazar