বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, সরকার সবার পাশে আছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সভায় মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে নূরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় নিষেধাজ্ঞার সময় কোনো ট্রলিং ট্রলার চলতে দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
বরগুনার উন্নয়ন প্রসঙ্গে চিফ হুইপ জেলায় তিনটি সেতু ও একটি আবহাওয়া অফিস নির্মাণের আশ্বাস দেন। এ ছাড়া চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: The Dhaka Diary