News

নভেম্বরে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী

তুরস্কের আন্তালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন। রবিবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রামিস সেন তুরস্কের আন্তালিয়ায় ২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন (কপ-৩১) আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রদূত ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে জানতে চান। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই সম্মেলনে অংশ নেবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ ইসলাম।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button