জামায়াত নেতার যে কথা শুনে ব্যথিত ইশরাক

সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘জামায়াতে ইসলামীর একজন নেতার মুখ থেকে একটা উক্তি শুনে আমি ব্যথিত হয়েছি। রাজনৈতিক দল থেকে ষড়যন্ত্রের শিকার হইনি।’
আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি আমার রাজনৈতিক দল থেকে কোনো ষড়যন্ত্রের শিকার হইনি। তবে আমি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামের একজন নেতার মুখ থেকে একটা উক্তি শুনে আমি ব্যথিত হয়েছি। উনি বলেছেন আমি সন্ত্রাস করছি, অস্ত্র উচিয়ে ধরেছি। এটা আমি আর কিভাবে ব্যাখ্যা দিব যে দিনে দুপুরে আমি কি কাজে গিয়েছি, এখানে থানা পুলিশ ছিল, এত শত শত মানুষ ছিল। এখানে ৩০০ গ্রাম হেরোইন, কয়েক বোতল মদ, আরো অন্যান্য অনেক কিছু অবৈধ জিনিসপত্র উদ্ধার হয়েছে। আমি তো জীবন বাজি রেখে গিয়েছি।’
তিনি আরও বলেন, অনেকে অনেক কথা বলে আমাকে। যদিও আমি কেয়ার করি না। কারণ ছাদের উপর থেকে গুলি করলে কার মাথায় পড়বে আমি জানি না। তারপরেও যখন ওনারদের মুখ থেকে সহযোগিতার আশ্বাসের বদলে এই ধরনের এলিগেশন শুনি, তখন আমার কাছে মনে হয় যে আসলে আর তাকাবোই না ওদিকে।
ইশরাক বলেন, ‘আমি সাধারণ মানুষের চাহিদা দেখেছি। ওইদিন সাধারণ মানুষ, এলাকাবাসী তারা হাততালি দিয়ে রীতিমত উল্লাস করেছে। অনেকদিন পর আমরা সাহস পেয়েছি। তাদের প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করে যাব।’
source: The Daily Campus