News

দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আঁতাত করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।

বুধবার রাজধানীর তোপখানা রোডে লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন গোলাম পরওয়ার। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এই শরিক দলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আমলে গুম-খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। সাত মাসে সরকার লেজেগোবর করে ফেলেছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গোলাম পরওয়ার বলেন, ‘ভেতরে ভেতরে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে আপনার নেটওয়ার্ক। যে গোয়েন্দা বাহিনীর সেটআপ আওয়ামী লীগ রেখে গেছে, যারা নিরীহ-নিরপরাধ মানুষকে জঙ্গি বানিয়ে ক্রসফায়ারে দিয়েছে, রিমান্ডে, আয়নাঘরে নিয়েছে, সেই গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে আপনি এখন বিরোধী দলের ওপর দোষ চাপাবেন?’

বিএনপির নেতৃত্ব অপরিপক্ব ও অদূরদর্শী বলেও মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেছেন, এই সময়ের মধ্যে প্রায় চারজন মন্ত্রী-এমপি বিদায় নিয়ে গেছেন। এত অপরিপক্ব, অদক্ষ, অরাজনৈতিক বক্তব্য এবং অরাজনৈতিক নেতৃত্ব আগের ক্ষমতাসীন দলে দেখা যায়নি।

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, শ্রমিকদের অবস্থা এখন বাংলাদেশে ভালো নেই। কিন্তু প্রধানমন্ত্রী শ্রমিকদের অসন্তোষ আন্দোলনের বিরোধী দলকে দায়ী করেন। মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আরও বেশি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণ করা সরকারের কর্তব্য।

লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ১১ দলের নেতারা অনুষ্ঠানে বক্তৃতা করেন।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button