News
ধাওয়া খেয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফের পলায়ন, বিজিবির ‘প্রটেস্ট নোট’

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পাথর উত্তোলনকারী শ্রমিকদের ধাওয়া ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে প্রতিবাদপত্র (প্রটেস্ট নোট) দিয়েছে।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের পশ্চিম বামনদল গ্রামের কাছে সানিয়াজান নদীর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন বাংলাদেশি শ্রমিক নদীতে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করছিলেন।
এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের বাধা দিয়ে ধাওয়া করেন। শ্রমিকরা বাংলাদেশের আরও অভ্যন্তরে ফিরে এলে বিএসএফ সদস্যরাও সীমান্ত অতিক্রম করে এপারে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।
শ্রমিকদের চিৎকারে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নদী পার হয়ে ভারতের অভ্যন্তরে চলে যান।
ঘটনার খবর পেয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি সদর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। সন্ধ্যায় সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি সীমান্ত অতিক্রম ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদ জানায়। তবে বিএসএফ এসব অভিযোগ অস্বীকার করে।
বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক কারিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রটেস্ট নোট (প্রতিবাদপত্র) দিয়েছি।”
source: The Dhaka Diary