News

গভীর রাতে গোয়ালঘর থেকে ৩ গরু চুরি, দিশেহারা কৃষক

ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে কৃষক আব্দুর রাজ্জাকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছোট শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুর মধ্যে দুটি ফ্রিজিয়ান ও একটি দেশি গরু রয়েছে। গোয়ালঘর থেকে একসঙ্গে তিনটি গরু চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুর রাজ্জাক রাত ১০টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতে গরুকে খাবার দেওয়ার জন্য গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে কোনো গরু নেই। তিনটি গরু চুরি হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি আহাজারি শুরু করেন। পরে স্থানীয় লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাননি।

আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু বলেন, ‘আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তারা জানতে পেরেছেন, রাত আনুমানিক ৩টার পর একটি পিকআপে করে চোরচক্রের সদস্যরা গরুগুলো নিয়ে গেছে বলে ধারণা করছি।’

স্থানীয় বাসিন্দা আব্দুল বকুল বলেন, এভাবে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটছে। গরু চুরি হতে থাকলে কৃষকরা তাদের শেষ সম্বল কীভাবে রক্ষা করবেন? এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button