বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভাঙচুর চালান বলে জানা গেছে। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়মুখী লেন অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর ফলে মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কেও এর প্রভাব পড়ে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশও আসছে।
source: The Daily Campus