ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ক্রসফায়ারের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই সহ্য করবে না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি ‘Salahuddin Ahmed BNP’ থেকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, আইজিপি অসতর্কতাবশত এমন কথা বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার ক্রসফায়ার চায় না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যুর মতো ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না।
আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি।
source: The Daily Campus