News

পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে: প্রতিমন্ত্রী

দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক© সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
 
প্রতিমন্ত্রী বলেন, মেলাটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস থাকায় ওই স্থানে সব মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ কারণে আমাদের এখানে জাতীয় পর্যায়ের মেলাটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে।
 
তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন থেকে শুরু করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
আরও পড়ুন
মেলা স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়েছে কি না? প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয় থেকে আজ সকালে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে এর নির্দিষ্ট কোনো কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button