News

শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, সারা দেশে আয়োজন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এবার রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুব মেলার আয়োজন করা হচ্ছে না। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এবার রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুব মেলার আয়োজন করা হচ্ছে না। তবে দেশের বিভিন্ন স্থানে যুব মেলা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্যাপন করা হবে। দিবসটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। এ উপলক্ষে যুব উন্নয়ন ও কর্মসংস্থানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, রাজধানী ঢাকাসহ দেশের শহরাঞ্চলে খেলার মাঠের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কাজ করছে জানিয়ে আমিনুল হক বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণকে দক্ষ জনশক্তিতে পরিণত করা সরকারের অন্যতম লক্ষ্য। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায় সরকার।

এএম

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button