সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার বিকেলে তাহসিফ সাউরি নামের ওই সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে।
বিভিন্ন মহলে আলোচনা রয়েছে যে, ২০২৪ সালের ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় উড়োজাহাজে ওঠার ভিডিওটি ধারণ বা ছড়ানোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তবে এ খবরের সত্যতা আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। পরদিন বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকার কচুরিপানার মধ্যে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়। পরে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারের সময় তাঁর পরনে সাদা ট্রাউজার ও কালো জামা ছিল।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না তা সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনাটি নৌ পুলিশের আওতাধীন এলাকায় হওয়ায় তাঁরাই এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করবে। এখনও থানায় লিখিত মামলা দায়ের না হলেও নৌ পুলিশের বাদী হয়ে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
source: Azadir Dak