চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনে চতুর্থ দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিজিবি মোতায়েনের বিষয়টি জানান। তিনি বলেন, গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবেন।
ইতোমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
এদিকে শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ, পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। অবরোধের কারণে মহাসড়কটিতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে শ্রমিক ও বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। আন্দোলনের কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
যদিও শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ, মানুষের জানমালের যেন কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।’
source: The Daily Campus