খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ সরকারি কর্মকর্তা

খুলনা নগরের মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মশিউর রহমান (৫৯) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক হিসেবে কর্মরত। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি হামলাকারীদের লক্ষ্য ছিলেন না।
গতকাল রবিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত মশিউর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, মেয়ের জন্য খাবার কিনতে তিনি মিয়াপাড়া পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় ওই ব্যক্তিরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাঁ পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, গুলি ওই ব্যক্তির বুকের নিচে বাঁ পাশের মাংস ছুঁয়ে বের হয়ে গেছে। তবে তিনি হামলাকারীদের লক্ষ্য ছিলেন না বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
তিনি আরও বলেন, কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
source: The Daily Campus