ক্লু পাচ্ছে না পুলিশ, চিহ্নিত হয়নি অটোরিকশাটিও

গায়ক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার কারণ উদ্ঘটন এবং কোনো সমীকরণে মিল খুঁজে পাচ্ছে না পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা। মামলাটি পুলিশসহ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নও (এসআরবি) ছায়া তদন্ত করছে।
কিন্তু তার গাড়ি লক্ষ্য করে কেন দুর্বৃত্তরা গুলি করেছে তার কোনো ক্লু ঘটনার ১৬ দিনেও খুঁজে বের করতে পারেনি। যে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলিবর্ষণ করা হয়েছে, সেটিও চিহ্নিত করতে পারেনি থানার পুলিশ ও ডিবি। এতে গোটা মামলা তদন্ত ঘোরের মধ্যে রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সূত্রে জানা গেছে, রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের দোকান নিয়ে একাধিক পক্ষের দ্বন্দ্ব রয়েছে। ওই কারণেই দুর্বৃত্তরা সেখানে গুলি করেছে। সেই গুলির লক্ষ্যবস্তু আসিফের গাড়ি কি না সেটিও তারা তদন্ত করে দেখছেন। ইতোমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে মামলাটি হস্তান্তর করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, তারা ঘটনার রহস্য উদঘাটনের কাজ করছেন। পাশাপাশি গুলিবর্ষণকারীকে চিহ্নিত করতে কাজ করছেন।
source: Daily Amar Desh