ঢাবিতে ককটেল বিস্ফোরণে বরখাস্ত সেই কর্মচারী নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীর পরিচয় জানা গেছে। তার নাম আমান উল্লাহ আমান। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে কর্মরত ছিলেন। একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং স্যার এ এফ রহমান হল নয়, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার উপপ্রচার সম্পাদক ছিলেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত ঢাকা পোস্ট ও যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, আমান উল্লাহ আমান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তিনি বিভিন্ন রাজনৈতিক পোস্ট দিয়ে সক্রিয় ছিলেন।
প্রতিবেদন দুটিতে তাকে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে তার পদবি নিম্নমান সহকারী বলা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানিয়েছেন, এস্টেট অফিসের ওই কর্মচারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে বোমা হামলার জন্য জনপ্রতি এক হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তার ভাষ্য অনুযায়ী, প্রস্তাব পাওয়া এক কর্মচারী বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে অভিযুক্ত কর্মচারীকে ডেকে পাঠানো হলেও তিনি উপস্থিত হননি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার অবস্থান সম্পর্কে প্রশাসন নিশ্চিত হতে পারেনি।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্তও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনাও দিয়েছে প্রশাসন।
source: The Dhaka Diary