News

অস্ট্রেলিয়ার কোয়ান্টাসে ৮৫০ চাকরি আউটসোর্স, অধিকাংশ পদ যাচ্ছে ভারতে

কোয়ান্টাস এয়ারলাইনস তাদের ৮৫০টি স্থানীয় করপোরেট চাকরি পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের কাছে আউটসোর্স করছে। এসব পদের অধিকাংশই ভারতে স্থানান্তর করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ দ্রুত বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে এয়ারলাইনসটি।

মঙ্গলবার কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেইলে অস্ট্রেলীয় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ভেনেসা হাডসন বলেন, ‘কিছু মানুষের জন্য এটি কঠিন সংবাদ। এর ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’

তিনি জানান, ২০২৭ সালের মাঝামাঝি থেকে চাকরি কমানোর প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকভাবে অর্থ, ক্রয়, মানবসম্পদ ও বিপণন বিভাগের পদগুলো স্থানান্তর করা হবে। প্রতিষ্ঠানটি তাদের তথ্যপ্রযুক্তি (আইটি) ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নেওয়ায় এসব পদের দায়িত্ব ‘বেশির ভাগ’ ভারতের দলগুলোর কাছে এবং ‘কিছু’ অস্ট্রেলিয়ার দলগুলোর কাছে হস্তান্তর করা হবে।

হাডসন বলেন, ‘প্রযুক্তি ও এআইয়ের পরিবর্তনের ব্যাপকতা এবং গতি এমন, যা আমাদের জীবদ্দশায় কেউ দেখেনি।’ এ পরিকল্পনা নিয়ে শ্রমিক ইউনিয়ন ও কর্মীদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

এর কয়েক দিন আগে বাজার পরিস্থিতি নিয়ে দেওয়া এক হালনাগাদ তথ্যে এয়ারলাইনসটি জ্বালানির উচ্চমূল্যের কারণে বিমানভাড়া বাড়ানো এবং ফ্লাইট কমানোর পরিকল্পনার কথা জানিয়েছিল।

অ্যাকসেঞ্চারের সঙ্গে নতুন বহু বছর মেয়াদি চুক্তির বিষয়ে হাডসন বলেন, এর উদ্দেশ্য হলো এয়ারলাইনসটির আইটি ব্যবস্থা ‘আধুনিকায়ন’ করে আরও ‘দক্ষ’ করে তোলা।

তিনি জানান, প্রযুক্তি খাতে কোয়ান্টাসের বার্ষিক ব্যয় ১০০ কোটি অস্ট্রেলীয় ডলারের বেশি (৬৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ৫১ কোটি ৪০ লাখ পাউন্ড)। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত প্রযুক্তিগত ব্যবস্থাগুলোও উন্নত করা প্রয়োজন।

হাডসন বলেন, ‘অন্য সব এয়ারলাইনসের মতো আমরাও কয়েক দশক ধরে গড়ে ওঠা এমন প্রযুক্তির ওপর নির্ভরশীল, যা ভিন্ন একটি যুগের জন্য তৈরি করা হয়েছিল। এর মধ্যে এক হাজারের বেশি পুরোনো অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো কখনোই পরস্পরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য তৈরি করা হয়নি।’

তিনি বলেন, অ্যাকসেঞ্চারের সঙ্গে চুক্তির ফলে ‘আমরা আমাদের করপোরেট কার্যক্রমের কিছু অংশের কাজের পদ্ধতি নতুন করে সাজাব এবং সহজ করব, পাশাপাশি একই ধরনের কাজের পুনরাবৃত্তি কমাব।’ এর ফলে কর্মীরা ‘গ্রাহক ও ব্যবসার জন্য মূল্য তৈরি করে, এমন কাজে আরও বেশি সময় দিতে পারবেন’।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সময়ের সঙ্গে সঙ্গে’ অ্যাকসেঞ্চারের কাছে হস্তান্তর করা কাজগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থা ও এআই ব্যবহারের মাধ্যমে আরও রূপান্তর করা হবে।

কোয়ান্টাস আরও জানিয়েছে, চাকরি কমানোর ফলে ক্ষতিগ্রস্ত কর্মীদের সম্ভব হলে অন্য পদে পুনর্বহাল করা হবে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় নতুন পদও অন্তর্ভুক্ত থাকবে।

অস্ট্রেলিয়ায় প্রায় ২৮ হাজার এবং বিশ্বের অন্যান্য দেশে আরও ৪ হাজার কর্মী নিয়োগ দিয়েছে কোয়ান্টাস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এরই মধ্যে তাদের হাজারো কর্মী দৈনন্দিন কাজে এআই ব্যবহার করছেন।

তথ্যসূত্র: বিবিসি

source: Barta Bazar

Back to top button