News

চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

সামাজিক উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ) দীর্ঘ ১৫ থেকে ২৫ বছর ধরে কর্মরত ১ হাজার ১৬৫ কর্মকর্তা-কর্মচারী চাকরি স্থায়ীকরণ ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে আন্দোলন শুরু করেছেন। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় চাকরি হারানোর আশঙ্কায় স্থায়ী জনবল কাঠামো গঠন, চাকরির ধারাবাহিকতা রক্ষা এবং নতুন উন্নয়ন প্রকল্পে অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দেওয়াসহ ১৩ দফা দাবি জানিয়েছেন তারা।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি তুলে ধরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে সংগঠনটির প্রধান সমন্বয়কারী মো. আবদুল লতিফ মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সংস্থাটির ‘রুরাল ইকোনমিক অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট’ (রেলি) প্রকল্পে দীর্ঘদিন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলেও বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহারের পর প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি এবং তাদের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

source: Daily Amar Desh

Back to top button