News

ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে ডিসেম্বরের আগে দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে এ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাশেদুল হক বলেন, ‘আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদের বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চাইছি, এখন যদি কোনো কারণে এক দিন–দুই দিন দেরি হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু চাইছি, ডিএইচএলের মাধ্যমে সেটা শুরু হোক।’

বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আজ চূড়ান্ত কর্মী নির্বাচন শুরু হয়েছে।

source: Daily Amar Desh

Back to top button