News

ডিসেম্বরে আসছে পর্যটন মহাপরিকল্পনা, উন্নয়নের আওতায় ১,৪৯৮ পর্যটন কেন্দ্র

সেইন্টমার্টিন© সংগৃহীত

দেশের পর্যটন খাতের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারেন। এর মাধ্যমে দেশের আট বিভাগে চিহ্নিত ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রের সমন্বিত উন্নয়নের পথ খুলবে। প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের জানুয়ারি থেকে মহাপরিকল্পনার অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, ঢাকায় প্রস্তাবিত পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর মধ্যেই মহাপরিকল্পনাটি প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর উৎসবটি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচি ও এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

ফারুকী বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করা হচ্ছে। চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষ করে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে। এর আগে ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা মহাপরিকল্পনাটি হাতে পাওয়ার আশা করছে বিটিবি।

আরও পড়ুন

জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দেশের পর্যটন খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি রূপরেখা তুলে ধরা হয়েছে। বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য। পরিকল্পনায় দেশের আটটি প্রশাসনিক বিভাগে ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব গন্তব্যে অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের প্রস্তাব রয়েছে।

মহাপরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী, ধর্মীয়, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ ও ক্রুজ পর্যটনের পাশাপাশি মাইস (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটনের বিকাশের প্রস্তাব করা হয়েছে।

পর্যটন খাতে বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের সুপারিশ রয়েছে। পাশাপাশি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা ও স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুকী বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন মানেই শুধু হোটেল, রিসোর্ট বা ভৌত অবকাঠামো নির্মাণ নয়। পর্যটন গন্তব্যের প্রচারণা, ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠাও এর গুরুত্বপূর্ণ অংশ। জানুয়ারি থেকেই এসব অগ্রাধিকারমূলক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যটনকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তোলার কথা জানান। তিনি কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন। কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নে ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করেছে সরকার। পাশাপাশি মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে মহাপরিকল্পনাটি চূড়ান্ত করা হচ্ছে। পাশাপাশি কমিউনিটিভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।

পর্যটন খাতের উদ্যোক্তা ও অংশীজনরা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো, পেশাদার প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা বলেছেন। সংগঠনটির সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন ও উন্নত যোগাযোগব্যবস্থাকেও যথাযথ গুরুত্ব দিতে হবে।

২০১৯ সালে মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়ার পর কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা ও বিভিন্ন পর্যায়ের পর্যালোচনার কারণে প্রক্রিয়াটি একাধিকবার পিছিয়েছে। ফলে পরিকল্পনাটি উন্মোচনের পাশাপাশি কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পর্যটন অবকাঠামো ও বিনিয়োগের প্রসারের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

source: The Dhaka Diary

Back to top button