News
ডাক্তারদের যেন রাজনৈতিক শিকার না হতে হয়— প্রত্যাশা মির্জা আব্বাসের

ডাক্তারদের যেন রাজনৈতিক শিকার না হতে হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস।
তিনি বলেছেন, ‘মেডিকেল বইয়েও কোথাও লেখা নেই যে ডাক্তারদের রাজনৈতিক পরিচয় থাকতে হবে। তাই ডাক্তারকে আমরা ডাক্তার হিসেবেই মূল্যায়ন করব।’
আজ শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “ডাক্তারদের রাজনৈতিক পরিচয়ের কারণে যেন বৈষম্যের শিকার হতে না হয়। কেউ বিএনপির সমর্থক বলে তিনি বিএনপির ডাক্তার হয়ে যাবেন, এমন তো নয়। মেডিকেল বইয়েও কোথাও লেখা নেই যে ডাক্তারদের রাজনৈতিক পরিচয় থাকতে হবে। তাই ডাক্তারকে আমরা ডাক্তার হিসেবেই মূল্যায়ন করব।”
আরও পড়ুন
তিনি বলেছেন, “এটি যেমন আমাদের নিজেদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। আজ এখানে উপস্থিত অনেক চিকিৎসক যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক কারণে সময়মতো পদোন্নতি পাননি। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে হবে।”
মির্জা আব্বাস বলেন, “আমরা এ দেশেই দক্ষ চিকিৎসক তৈরি করতে চাই, যাতে তাদের কাজের জন্য বিদেশে যেতে না হয়। বাংলাদেশের অনেক চিকিৎসক বিদেশের বিভিন্ন হাসপাতালে সুনামের সঙ্গে কাজ করছেন। আমার বন্ধুদের মধ্যেও অনেকে বিদেশে চিকিৎসাসেবা দিয়ে সুনাম অর্জন করছেন।”
source: The Dhaka Diary